ক্রীড়া প্রতিবেদক
মে ১৬, ২০২৬, ০১:০৮ পিএম
বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাসেরও কম সময়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে অংশ নিতে ইতোমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন অপেক্ষা চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার, যা নির্ধারণ করবেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার, ১৫ মে কনমেবলের এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ, ২০২২ সালের শিরোপা জয় এবং অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি।
বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, বিশ্বকাপ খুব কঠিন একটি প্রতিযোগিতা। শুধু ভালো খেললেই হয় না, আরও অনেক কিছু ঠিকঠাক হতে হয়। আমরা সবসময় যেমন চেষ্টা করি, এবারও তেমনই সর্বোচ্চটা দিতে চাই। কারণ আর্জেন্টিনা প্রতিবার বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়েই নামে। এটা কঠিন, তবে অসম্ভব নয়।
বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসিকে নিয়েও কথা বলেন স্কালোনি। অনেকের ধারণা, এটিই হতে পারে আর্জেন্টাইন অধিনায়কের শেষ বিশ্বকাপ। তবে বিষয়টি নিয়ে এখনই ভাবতে চান না তিনি।
স্কালোনির ভাষ্য, তাকে খেলতে দেখা দারুণ ব্যাপার। এটা তার শেষ বিশ্বকাপ কি না, সেটা নিয়ে আমি ভাবতে চাই না। আমি বর্তমানটা উপভোগ করতে চাই। সবাই তাকে খেলতে দেখতে চায়।
মেসির অবসর প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি চাই সে খেলতে থাকুক। কারণ যখন এমন কিংবদন্তিরা আর মাঠে থাকে না, তখন খারাপ লাগে, যেমনটা দিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে হয়েছিল। তারা ফুটবল ইতিহাসের অংশ। মেসি আর খেলবে না, এটা ভাবতেই মন খারাপ হয়। তাই আমি বর্তমান নিয়েই থাকতে চাই।
মেসি ও ম্যারাডোনাকে একসঙ্গে দলে পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, অবশ্যই মেসি ও ম্যারাডোনা আমার দলে একসঙ্গে খেলতে পারত। আমি কোচের কৌশল নয়, খেলোয়াড়দের মান অনুযায়ী দল ভাবি। তারা বিশ্বের সেরা ফুটবলার ছিল এবং নিজেরাই মানিয়ে নিতে পারত। তারা একে অপরের দারুণ পরিপূরক হতো, আর সমস্যায় পড়ত প্রতিপক্ষ।
আর্জেন্টিনার হয়ে স্কালোনির সবচেয়ে বড় অর্জন ২০২২ সালের বিশ্বকাপ জয়। এছাড়া তার অধীনে দলটি জিতেছে টানা দুটি কোপা আমেরিকা এবং লা ফিনালিসিমার শিরোপা।
দলের ব্যবস্থাপনা ও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক নিয়ে স্কালোনি বলেন, আমরা কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিই না। তবে খেলোয়াড়দের যা বলার, খুব সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোই বলি। কারণ অতিরিক্ত তথ্য দিলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আমরাও তো একসময় খেলোয়াড় ছিলাম, তাই জানি তাদের কী দরকার। আমরা সবসময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখি।
এম জি