ক্রীড়া প্রতিবেদক
মে ২৮, ২০২৬, ০৭:২৯ পিএম
আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসির। প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপ মঞ্চে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি।
আইসিসি জানিয়েছে, এবারের আসরে নতুন করে চারজন নারী আম্পায়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেসির পাশাপাশি প্রথমবার বিশ্বকাপের দায়িত্ব পাচ্ছেন ক্যান্ডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন ও কেরিন ক্লাস্টে। নারী ম্যাচ অফিসিয়ালদের নিয়ে এটি টানা তৃতীয় বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি।
এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন করেছেন জেসি। গত বছরের নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্যানেলে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি আম্পায়ার।
বিশ্বকাপের জন্য মোট ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে নয়জন ২০২৪ সালের আসরেও দায়িত্ব পালন করেছিলেন। সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। তিনি এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে আছেন লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস ও গায়ত্রী ভেণুগোপালন।
ম্যাচ রেফারি প্যানেলে রাখা হয়েছে ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেরাকে।
এম জি