ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

খেলা শুরুর আগেই ইনজুরিতে নেইমার, বিশ্বকাপের ম্যাচ অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ২৯, ২০২৬, ১০:২২ এএম

খেলা শুরুর আগেই ইনজুরিতে নেইমার, বিশ্বকাপের ম্যাচ অনিশ্চিত

ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। সেই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই মহাতারকার মাঠে নামা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার গত বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রদ্রিগো লাসমার জানান, এমআরআই স্ক্যানের রিপোর্টে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এই চোটের কারণে তাকে আরও অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে এই ইনজুরির কারণে নেইমারকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফে অস্বস্তি ও ফোলাভাবের কথা জানালে তাকে তেরেসোপোলিসের একটি ক্লিনিকে পরীক্ষার জন্য পাঠানো হয়। যদিও তার ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব দাবি করেছিলেন যে সমস্যাটি সামান্য, তবে জাতীয় দলের মেডিক্যাল পরীক্ষায় ভিন্ন ও গুরুতর চিত্র সামনে আসে।

এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে আগামী রবিবার মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। একই সঙ্গে ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে হতে যাওয়া পরের প্রীতি ম্যাচটিতেও তাকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। সব মিলিয়ে সেলেসাওদের জন্য এটি একটি বড় ধাক্কা।

সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড। ফলে উদ্বোধনী ম্যাচেই প্রাণভোমরাকে হারাতে পারে দল।

ইনজুরি ও ব্যস্ততার কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি রবিবারের ম্যাচে আরও বেশ কয়েকজন তারকাকে পাচ্ছেন না। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল ও পিএসজির হয়ে ব্যস্ত থাকায় ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আপাতত জাতীয় দলের ক্যাম্পের বাইরে রয়েছেন।

দীর্ঘদিন পর নেইমারের দলে ফেরা ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর পুরো একটা বছর দলের পরিকল্পনায় ছিলেন না দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার গত কয়েক বছর ধরেই একের পর এক চোটের সমস্যায় ভুগছেন।

সান্তোসে ফেরার পরও চোটের কারণে নিজের চেনা ছন্দ দেখাতে পারেননি এই ফরোয়ার্ড। এর আগে কোচ আনচেলত্তি স্পষ্ট জানিয়েছিলেন, দলে নেইমারকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না এবং তার জায়গা নির্ধারণ হবে শুধু ফিটনেসের ভিত্তিতে। ফলে বর্তমান পরিস্থিতিতে নেইমারকে ছাড়াই বিকল্প পরিকল্পনা সাজাতে হচ্ছে সেলেসাওদের।

এএন

Link copied!