ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৭:১৭ পিএম

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। এজবাস্টনে ডাচদের ১৩৯ রানে আটকে দেওয়ার পর জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটি আর শারমিন আক্তারের অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় জ্যোতিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের মাত্র চতুর্থ জয়।

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। কিছুটা ভাগ্যের সহায়তা পেলেও ডাচ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন জুয়াইরিয়া। তাঁকে যোগ্য সঙ্গ দেন দিলারা আক্তার (২৬)। প্রথম উইকেটে তাঁরা স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করেন।

তবে অষ্টম ওভারের শেষ দুই বলে ক্যারোলিন ডি ল্যাঞ্জ জোড়া আঘাত হানলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। প্রথমে ফিফটি করা জুয়াইরিয়া এবং পরের বলেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০) সাজঘরে ফেরেন। এরপর দিলারা এবং সোবহানা মোস্তারিও (৪) দ্রুত বিদায় নিলে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়ে।

সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে এই দুজনে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শারমিন ৩২ বলে ৪টি চারের সাহায্যে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন বাবেত ডি লিড। এছাড়া রবিন রাইকের ব্যাট থেকে আসে ১৩ রান।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। টাইগ্রেসদের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মারুফা আক্তার। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। ঋতু মণি ছিলেন সবচেয়ে কিপটে, ৪ ওভারে খরচ করেন মাত্র ১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস নারী দল: ১৩৯/৮ (২০ ওভার); বাবেত ৫০, হিদার ১৬; মারুফা ২/৩১, ঋতু ১/১৭।

বাংলাদেশ নারী দল: ১৪১/৪ (১৯.১ ওভার); জুয়াইরিয়া ৫০, শারমিন ৩৭*, দিলারা ২৬; ডি ল্যাঞ্জ ২/২৭।

ফল: বাংলাদেশ নারী দল ৬ উইকেটে জয়ী।

জেএইচআর

Link copied!