ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজশাহীতে চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৮:১৮ পিএম

রাজশাহীতে চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার দিনব্যাপী আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির উদ্যোগে সকাল ৯টায় আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। পুরো কার্যক্রম তদারকি করেন রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য না হওয়ায় বিজিবির এই উদ্যোগ তাঁদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, চরাঞ্চলে মানসম্মত চিকিৎসা পাওয়া অত্যন্ত কঠিন। বিজিবির এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। তাঁরা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, চর আষাড়িয়াদহ উপজেলা ও জেলা সদর থেকে বিচ্ছিন্ন একটি জনপদ। এখানে একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে দীর্ঘদিন ধরে নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য চিকিৎসার জন্যও চরবাসীকে নদী পেরিয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়। তাঁরা চরাঞ্চলের মানুষের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকায় একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্র স্থাপনের দাবি জানান।

সচেতন মহলের মতে, সীমান্ত এলাকার জনসাধারণের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করছে না, বরং সাধারণ মানুষের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেএইচআর

Link copied!