স্পোর্টস ডেস্ক
জুলাই ৮, ২০২৬, ০৫:৫৮ পিএম
২০২৭ সালের পুরুষ এশিয়া কাপ ক্রিকেটের অফিশিয়াল আয়োজক বাংলাদেশ। ওয়ানডে বা পঞ্চাশ ওভারের ফরম্যাটের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি দীর্ঘ এক যুগ পর আবারও বাংলাদেশের মাটিতে ফিরতে যাচ্ছে। এর আগে ২০১৪ সালে সর্বশেষ ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালেও এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, তবে সেটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী বছরের এই মেগা টুর্নামেন্টটি ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হবে।
এশিয়ার ক্রিকেটের এই মহাযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে বেশ আগেভাগেই জোর প্রস্তুতি ও পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরটি একক কোনো ভেন্যুতে সীমাবদ্ধ না রেখে দেশের তিনটি প্রধান ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করার বড় পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। বিসিবির লক্ষ্য— ঢাকা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করা। বিসিবির তৈরি করা এই খসড়া প্রস্তাবনাটি ইতোমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে পাঠানো হয়েছে। খসড়া সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত মাঠে গড়াতে পারে এশিয়া কাপের ম্যাচগুলো।
বিসিবির পরিচালক ও সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, এসিসির কাছে প্রস্তাবিত তিনটি ভেন্যুর বিস্তারিত অবকাঠামোগত ও নিরাপত্তাবিষয়ক তথ্য পাঠানো হয়েছে। খুব শিগগিরই এসিসির একটি প্রতিনিধি দল ভেন্যুগুলো পরিদর্শন করে চূড়ান্ত অনুমোদন দিতে পারে। ইব্রাহিম আরও বলেন, আমরা চাচ্ছি এই বড় টুর্নামেন্টের আমেজ পুরো দেশে ছড়িয়ে পড়ুক। তিনটি আলাদা শহরে খেলা হলে ক্রিকেটপ্রেমীরা মাঠে এসে ম্যাচ উপভোগ করতে পারবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তিনটি ভেন্যুতেই সফলভাবে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে এবং প্রতিটি মাঠেই যেন অন্তত একটি হলেও ম্যাচ রাখা যায়, সেই চেষ্টা চলছে। অনেক দিন পর এশিয়া কাপ বাংলাদেশে ফিরছে, যা দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।
এদিকে এশিয়া কাপের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নিকটবর্তী আন্তর্জাতিক সিরিজ নিয়েও আশাবাদী বিসিবি। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের ক্রিকেট দলকে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বোর্ড। বিসিবির বিশ্বাস, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় দল বাংলাদেশে সফরে আসবে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে এখানে কোনো ধরনের শঙ্কা নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে বিসিবির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা নিয়মিত চলছে এবং শিগগিরই ভারতের এই হাই-প্রোফাইল সফরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এশিয়া কাপের বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রতিবেশী দেশ ভারত। ওয়ানডে এবং টি-টোয়েন্টি- দুই ফরম্যাটেই এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এখন তাদের দখলে।
জেএইচআর