নুরুল আমিন নুর, খুলনা
জুলাই ৮, ২০২৬, ০৬:৫৫ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট’ শীর্ষক এক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে নির্ধারিত বিভিন্ন মানদণ্ড সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে। একটি ডিসিপ্লিনের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত সেলফ-অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপাচার্য উল্লেখ করেন, সেলফ-অ্যাসেসমেন্ট একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া। এর মাধ্যমে ডিসিপ্লিনের সক্ষমতা, সীমাবদ্ধতা ও উন্নয়নের ক্ষেত্রগুলো নিখুঁতভাবে চিহ্নিত করা সম্ভব হয়। কারিকুলাম উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অ্যালামনাই ও স্টেকহোল্ডারদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের পিএসএসি কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ।
কর্মশালার মূল পর্বে ডিসিপ্লিনের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবীর। তাঁর উপস্থাপিত রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের অ্যালামনাই ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদণ্ডে কারিকুলামের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক ও পরামর্শ তুলে ধরেন।
ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জয়ন্তী রায়ের সঞ্চালনায় কর্মশালায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং আমন্ত্রিত অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
জেএইচআর