আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
জুলাই ৮, ২০২৬, ০৭:২৮ পিএম
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার সকালে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের কাইতকাই পুলিশ চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাইতকাই চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের তল্লাশি করার সময় গাঁজাসহ ওই দুইজনকে আটক করেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
আটককৃতরা হলেন- ধনবাড়ী এলাকার সমসের আলীর ছেলে মো. নাছির (২৭) এবং মধুপুরের গোলাবাড়ি গ্রামের ফরজ আলীর ছেলে সাগর (২৩)।
আটকের পর তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. নাছির ও সাগর উভয়কেই ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেন।
জেএইচআর