স্পোর্টস ডেস্ক
জুলাই ২০, ২০২৬, ০৩:০৯ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। তবে মাঠের সেই হারকে ছাপিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ট্রফি হাতছাড়া হওয়ার পরও দেশটিতে জাতীয় ছুটি ঘোষণার এক অদ্ভুত পোস্ট দিয়ে নেটদুনিয়ায় তীব্র ট্রলের শিকার হচ্ছেন তিনি।
খেলা শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রেসিডেন্ট মিলেই। ‘ওয়ার্ল্ড সেলিব্রেশন’ বা ‘বিশ্ব উদযাপন’ শিরোনামের সেই পোস্টে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের সিদ্ধান্ত নেবে, সেদিন দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’
সিডিউল পোস্টের বিভ্রাট ও নেটজনতার ট্রল
প্রেসিডেন্ট যখন এই পোস্টটি করেন, ততক্ষণে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় স্পেন বিশ্বজয় নিশ্চিত করে ফেলেছে। ফলে ফুটবলপ্রেমীদের ধারণা, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে—এমন আগাম আত্মবিশ্বাস থেকে মিলেইর প্রচার দল পোস্টটি আগে থেকেই সিডিউল (নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশের ব্যবস্থা) করে রেখেছিল। দল হেরে যাওয়ার পর তারা সেটি মুছে ফেলতে বা পরিবর্তন করতে ভুলে যায়।
এই ভুলের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল ওঠে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কিসের উদযাপন? আর্জেন্টিনা তো হেরেই গেল!’ অন্য একজন লিখেছেন, ‘প্রেসিডেন্ট নিজের তৈরি করা বিজয়বার্তা বদলাতে ভুলে গেছেন, এটি অত্যন্ত হাস্যকর।’ রানার্সআপ দলের জন্য এমন জাতীয় ছুতির ঘোষণা সাধারণ নাগরিকদের মধ্যেও বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।
অবশ্য আর্জেন্টিনার কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই সম্ভাব্য সংবর্ধনা ও ছুটির মূল উদ্দেশ্য হতে পারে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে রাজকীয় বিদায় জানানো। ২০২২ সালের বিশ্বজয়ী অধিনায়কের জন্য এটিই আর্জেন্টিনার জার্সিতে শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল বলে ফুটবল মহলে জোর আলোচনা চলছে।
এদিকে চারদিকে তীব্র সমালোচনা ও ট্রল শুরু হওয়ার পর প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দ্রুতই আরও একটি নতুন পোস্ট করেন। সেখানে ট্রল এড়িয়ে দলের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন, খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছ। আর্জেন্টিনা সব সময়ই সবার ওপরে।
জেএইচআর