আমার সংবাদ ডেস্ক
মে ২৪, ২০২৬, ০৩:৫৪ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে বড় অঙ্কের নগদ অর্থ লেনদেন এড়িয়ে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি কমবে।
রোববার ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব ডিজি জানান, ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল তুলনামূলক কমে যায়। এ সুযোগে যাতে পশু ব্যবসায়ীদের বিক্রির টাকা ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, হাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা চৌকি স্থাপন, টহল জোরদার এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি হাটের শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে র্যাবের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার চালু করা হয়েছে।
মো. আহসান হাবীব পলাশ আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোর করে কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। পশু পরিবহন নিরাপদ রাখতে বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় জোরদার টহল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছে।
জাল টাকার বিস্তার ঠেকাতে হাটগুলোতে প্রয়োজনীয় শনাক্তকারী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে জাল টাকা তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন র্যাব প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে ঘিরে গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে বলে আশ্বাস দেন র্যাব ডিজি।
এর আগে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন মো. আহসান হাবীব পলাশ। সেখানে তিনি ঈদযাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম জি