আমার সংবাদ ডেস্ক
জুন ২৩, ২০২৬, ০৫:১৬ পিএম
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট শেরেবাংলা নগর থানায় পুলিশের নিকট সোপর্দ করা হয়।
মঙ্গলবার আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের আউটডোর এলাকার মহিলা টিকিট কাউন্টারের সামনে ওই ব্যক্তি রোগীদের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। হাসপাতালে আজ ভালো ডাক্তার নেই এ ধরনের ভুল তথ্য দিয়ে তিনি রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের দৃষ্টিগোচর হলে তাঁরা দ্রুত ও পেশাদারিত্বের সাথে তাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি একটি বেসরকারি হাসপাতাল সংশ্লিষ্ট দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে রোগীদের বিভ্রান্ত করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নাম মো. হানিফ মিয়া। তাঁর বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার আমরাইল এলাকায় বলে জানা গেছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা হলেন- পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম এবং আনসার সদস্য মো. শহিদুল ইসলাম। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হাসপাতালসহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যদের এ ধরনের পেশাদারিত্ব জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করছে।
জেএইচআর