আমার সংবাদ ডেস্ক
জুন ২২, ২০২৬, ১১:০০ এএম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৬৪টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি। ফিরতি যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ জুন (সৌদি সময়) পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৮ হাজার ৩৭১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইনস ফিরিয়েছে ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৯৭ জন হাজি।
এ পর্যন্ত মোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮৪টি, সৌদি এয়ারলাইনস ৫৮টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ ব্যবস্থাপনা তথ্যে আরও জানানো হয়েছে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এবং হজ শেষে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
এম জি