আমার সংবাদ ডেস্ক
জুন ২৩, ২০২৬, ১০:৪৬ এএম
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে এই ঘটনা ঘটে। হামলায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী আক্রান্ত হন এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি ও বাকবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের পক্ষ থেকে জ্যেষ্ঠ একজনকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে ট্যাগ করেন। সাংবাদিকরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে জামায়াত কর্মীরা উত্তেজিত হয়ে তাঁদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।
হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আঘাত পান এবং তাঁর মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এই বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের কর্মসূচিতে বহিরাগতরা অনুপ্রবেশ করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
জেএইচআর