ফেনী প্রতিনিধি
জুলাই ১১, ২০২৪, ০৪:৩৪ পিএম
ফেনীতে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ফেনীস্থ ৪ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে জেলার মজুমদারহাট এবং পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬১/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের উত্তর বাউর পাথর গ্রাম থেকে এ চোরাই পণ্যগুলো আটক করা হয়।
বিজিবির দাবি ওই গ্রামের মো. নুরের (মোহাম্মদ দীন) (৪৫) বাড়ি তল্লাশি করে ৮০ গাঁইট ভারতীয় শাড়ি আটক করেন তারা।
তবে, ঘটনার সময় ওই বাড়িতে কোনো লোকজন উপস্থিত ছিল না। পরবর্তীতে উল্লিখিত বাড়ির নিকটবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে একটি বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় আরও ১৫ গাঁইট ভারতীয় শাড়ি/লেহেঙ্গা খুঁজে পায় বিজিবি। এরপর সেগুলোও জব্দ করা হয়।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত কাপড়গুলোর সর্বমোট মূল্য ২ কোটি ৩৬ লক্ষ ২২ বাইশ হাজার টাকা।
ইএইচ