ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:৫৩ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (চরপাড়া ও সাহাগঞ্জ) নিয়ম ভেঙে আগেভাগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চালু থাকার কথা থাকলেও বাস্তবে দুপুরের মধ্যেই বিদ্যালয় ফাঁকা হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার কিছু পরেই গিয়ে দেখা যায়—দুটি বিদ্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ। শিক্ষার্থীরা তখন বাড়ির পথে। শুধু কয়েকজন শিশু মাঠে খেলাধুলা করছিল।
তাদের ভাষ্যমতে, প্রায় পৌনে তিনটার দিকেই ছুটি দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাংক চন্দ্র বিশ্বাস ও আব্দুল মান্নান নিয়মিত সময় মেনে চলেন না। কখনো ১টায়, কখনো ২টায়, আবার কখনো ৩টার দিকেও ছুটি দিয়ে দেন। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠ থেকে বঞ্চিত হচ্ছে।
সাংবাদিক উপস্থিতি টের পেয়ে চরপাড়া বিদ্যালয়ের নয়জন শিক্ষক হঠাৎ অফিসকক্ষে ঢুকে পড়েন। পরে তারা স্বীকার করেন যে আগেভাগে ছুটি দেওয়া ভুল ছিল। তবে প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কিছু না বলে পরে সাক্ষাতে কথা বলার কথা জানান।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, বিদ্যালয় বিকেল ৪টার আগে বন্ধ করার কোনো সুযোগ নেই। কেন নিয়ম ভাঙা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয় দুটির অবস্থান দুর্গম এলাকায় হওয়ায় সঠিক তদারকি হয় না। এর সুযোগ নিয়ে শিক্ষকরা নিজেদের মতো করে সময় নির্ধারণ করেন। ফলে শিক্ষার্থীদের পড়াশোনার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে পরিবার ও সমাজের জন্য ভোগান্তি ডেকে আনবে।
জেএইচআর