গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২৫, ০৫:৫২ পিএম
গুইমারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তোফায়েল আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আওতায় ২০২৫–২০২৬ অর্থবছরে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, অড়হর, বোরো উফশী এবং বোরো হাইব্রিড ধান চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রমণী কুমার ত্রিপুরা, মুজিবর রহমান, সুমন নাথ, বেলায়েত ভূইয়া, সোলেমানসহ স্থানীয় সাংবাদিক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চলতি অর্থবছরে গুইমারা উপজেলায় ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষকরা আশানুরূপ ফলন পাবেন বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি কোনো সমস্যায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।
ইএইচ