ভাঙ্গুড়া প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫, ০৩:৩৫ পিএম
পাবনার ভাঙ্গুড়া বাজারের নিখোঁজ সেঞ্চুরী টেইলরের মালিক জিয়াউর রহমান জিয়ার (৫০) লাশ বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা বাঁধপাড়ার বাসিন্দা।
জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন জিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পাননি। পরে বৃহস্পতিবার ভোরে তারা খবর পান যে ঢাকা–ঈশ্বরদী রেললাইনের মাঝপাড়া ইউনিয়নের ৯ নম্বর রেলসেতুর সামনে তার মৃতদেহ পাওয়া গেছে।
মাঝপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আশরাফুল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, জিয়া নিখোঁজ হওয়ার আগে বলেছিলেন তিনি আর বাঁচতে চান না। কারণ অভাব তাকে তেড়ে বেড়াচ্ছে।
জিয়ার চাচাতো ভাই জাকির হোসেন বলেন, জিয়া কাউকে কিছু না বলে হঠাৎ নিরুদ্দেশ হন। তবে কয়েক মাস যাবত তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা যায়।
রেলওয়ে সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন বলেন, লোকটি বুধবার সন্ধ্যায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন পিছন থেকে ট্রেন আসলে তিনি কাটা পড়েন। ময়নাতদন্তের পর আজ বৃহস্পতিবার বিকালে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
ইএইচ