জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১৫ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।
অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকিতে নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন জনস্বাস্থ্যের ওপর মারাত্মক আকার ধারণ করেছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
কর্মসূচিতে উপজেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য, ইউপি সদস্য, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সাংবাদিক, পল্লী চিকিৎসক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইএইচ