মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:১৯ পিএম
রাজনৈতিক পট পরিবর্তনের পর পাবনা-৩ নির্বাচনী আসনে আলোচনায় থাকা বিএনপি নেতা আলহাজ মো. হাসানুল ইসলাম রাজা শেষ পর্যন্ত দল পরিবর্তন করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর), কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসানসহ শীর্ষ নেতৃবৃন্দ। গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. সোহানুর রহমান সাধ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নির্বাচনী প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন হাসানুল ইসলাম রাজা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় শত শত বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে আসছিলেন। তবে সম্প্রতি বিএনপি এই আসনে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করলে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে আন্দোলনও করেছিলেন রাজা। শেষ পর্যন্ত বিএনপি থেকে ইতিবাচক সাড়া না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার উদ্দেশ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সোমবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে দলটির মনোনয়ন নিশ্চিত করেন।
সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. হাসানুল ইসলাম রাজার এই রাজনৈতিক ভোলবদল নিয়ে এখন চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিএনপির এই হেভিওয়েট নেতার ট্রাক প্রতীকে নির্বাচনী লড়াই পাবনা-৩ আসনের ভোটের সমীকরণকে নতুন দিকে মোড় দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।
ইএইচ