মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৫ পিএম
পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফের নির্দেশে কার্যালয় সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক নিখিল চন্দ্র, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রী এবং প্লাটুন কমান্ডাররা অংশ নেন। এ সময় তারা কার্যালয়ের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার শপথ নেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “এই পরিচ্ছন্নতা অভিযান মূলত সবার জন্য একটি সচেতনতামূলক বার্তা। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, তবেই সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্ন পরিবেশ যেমন মনের প্রশান্তি দেয়, তেমনি রোগব্যাধি থেকেও আমাদের মুক্ত রাখে।”
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন দলনেতা জিল্লুর রহমান, দলনেত্রী হামিদা পারভীন, ওয়ার্ড দলনেতা মো. সেলিম, আছাদুল হক, সেলিম হোসেন এবং খানমরিচ ইউনিয়নের প্লাটুন কমান্ডার জাকারিয়া হোসেনসহ উপজেলা আনসার ও ভিডিপি’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
ইএইচ