মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)
ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:০৪ পিএম
পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন আর নেই।
বুধবার রাত ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। সেখান থেকে সুস্থ হয়ে দেশে ফেরার পর বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পৌরসভার ২নং ওয়ার্ডের মাহবুলা জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে।
মোতালেব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা বলেন, "মোতালেব হোসেন ছিলেন শহীদ জিয়ার আদর্শের একজন লড়াকু সৈনিক। ভাঙ্গুড়া বিএনপিকে সুসংগঠিত করতে তার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দল একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো।"
ইএইচ