মো. রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:১৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
প্রাপ্ত তথ্যের গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি টহল দল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরও একটি টহল দল সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে গভীর জঙ্গলে পালিয়ে যান। পরে সীমান্ত পিলার ১৩৭৫/এম থেকে আনুমানিক ২ থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড ও ৩টি পাইপ গান
বিজিবি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এএন