সুনামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৯ পিএম
সুনামগঞ্জ আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে গিয়ে বাদীর ভাইকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার বিকেলে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর স্বত্বানদী গ্রুপ-এ জলমহালের পাড়ে এ ঘটনা ঘটে। জলমহালটি দিরাই ও শাল্লা থানার মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
স্থানীয় সূত্র জানায়, কাশিপুর স্বত্বানদী গ্রুপ-এ জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। মামলার বাদী রুমেন তার ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ আদালতের নির্দেশে দিরাই থানার ছয়জন পুলিশ সদস্যসহ নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে যান। এ সময় তারা জলমহালের পাড়ে পৌঁছালে প্রতিপক্ষ শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য এনামুল হক এবং তার লোকজন মেহেদী হাসানের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন।
এ ঘটনায় রুমেন বাদী হয়ে এনামুল হকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গুরুতর আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান জানান, দিরাই থানার কয়েকজন পুলিশ সদস্য আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে গেলে এনামুল মেম্বারের লোকজন একজনকে মারধর করেছে—এমন খবর পাওয়া গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।