সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:০৩ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করেছে সেনাবাহিনী।
এ সময় ফিরোজের দুই ভাই মো. মফিজুর রহমান ও মো. জুবায়ের করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট একরাস চৌধুরী বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ফিরোজের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ছাদের এক কোণায় রাখা একটি বস্তা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মালামালসহ আসামিদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইএইচ