চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করা হয়। তবে এর সঙ্গে জতিড় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহলদল সীমান্ত হতে প্রায় ২শ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। স্থানটি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকা। অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়।
কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ বিদেশী পিস্তল ৩৪টি, রাইফেল ২টি, ম্যাগাজিন ৩৮টি, গুলি ৬৪৫ রাউন্ড, ২টি মর্টার সেল, ককটেল ১টি, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং অন্যান্য অস্ত্র ৫৪টি জব্দ করে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ১ জন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক এবং ৬টি বিদেশী পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করে।
নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে না পারে সে লক্ষ্যে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব করছেন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
জেএইচআর