কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৩ পিএম
নেত্রকোণার কেন্দুয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, কেন্দুয়া বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা বাজার দর স্থিতিশীল রাখার চেষ্টা করব। এছাড়া গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
বক্তারা আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানান। বিদ্যুতের এই সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, সমাজসেবা কর্মকর্তা ইউনুস আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ খোকন, স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর