নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
মার্চ ৫, ২০২৬, ০৯:৩৪ পিএম
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবন সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ ও ২ আসনের বর্তমান এবং সাবেক সংসদ সদস্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরন, জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান, জেলা জজ (পারিবারিক আপীল আদালত) শেখ আমিনুল ইসলাম, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক মহিবুল হাসান, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, জিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এবং পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু।
এছাড়াও পালং থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলমসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলটি আইনজীবী সমিতির পক্ষ থেকে আয়োজন করা হলেও অনুষ্ঠানে সাধারণ আইনজীবীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলা পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
জেএইচআর