মানিকগঞ্জ প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬, ০৪:২০ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে দেশের বেশিরভাগ সমস্যারই সমাধান হয়ে যায়। তাই দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরও বলেন, জনগণ অনেক আশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। আমরা ব্যক্তিগতভাবে কী পেলাম সেটি বড় কথা নয়, বরং জনগণ কী পেলো সেটাকেই বড় করে দেখতে হবে। দুর্নীতিকে এক নম্বর গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করতে হবে।
প্রশাসনের বিভিন্ন নিয়োগ ও উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, বালুমহাল, সার ডিলার নিয়োগ কিংবা টেন্ডার সবকিছুই হতে হবে নিয়মতান্ত্রিকভাবে। সেখানে দলীয় পরিচয় কিংবা কারও বিশেষ লোক না দেখে যোগ্যদেরই প্রাধান্য দিতে হবে।
কৃষি জমি রক্ষার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, জেলার অনেক জায়গায় অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে, যার ফলে কৃষকদের চোখের পানি ঝরছে। কৃষি জমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন তিনি।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে মন্ত্রী জেলা সরকারি সমন্বিত ভবনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা এবং সদর ও সাটুরিয়া উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় যোগ দেন।
জেএইচআর