মিরাজ আহমেদ, মাগুরা
মার্চ ১১, ২০২৬, ০৮:৫৩ পিএম
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য ব্যয় কমাতে মাগুরায় সুলভ মূল্যে ডিম, দুধ, ব্রয়লার মুরগি ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা বাড়ে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে সুলভ মূল্যে এই পুষ্টিকর খাদ্যসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম যেন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ বিভাগের এই উদ্যোগের ফলে রমজান মাসজুড়ে সাধারণ মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে ডিম, দুধ, ড্রেসড ব্রয়লার ও গরুর মাংস কেনার সুযোগ পাবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর