ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর)

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ী (গাজীপুর)

মার্চ ২৫, ২০২৬, ১২:২৩ পিএম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মো. মানিকের ওপর হামলার অভিযোগ উঠেছে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদারের (রিয়াজ মেম্বার) বিরুদ্ধে। এ সময় তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বরাব দক্ষিণপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপবিরোধী একটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মো. মানিক। ওই সংবাদের পর থেকেই ক্ষুব্ধ হন রিয়াজ মাহমুদ তালুকদার।

এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য কোনাবাড়ী যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় রিয়াজ মাহমুদ তালুকদার (৫৫), তার ছেলে রাশেদ তালুকদার, রিনা বেগম, বেলাল উদ্দিন (৬০), রকি (২৪), সবুজ হোসেন (২৩)সহ আরও কয়েকজন লোহার রড, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় সাংবাদিক মানিকের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এ সময় তার ৯ বছর বয়সী মেয়ে মাহি বাবাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে জানা গেছে।

পরে ঘটনাস্থলে মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল (৩২) এলে তাদেরও মারধর করা হয়। এতে রাসেল গুরুতর আহত হন।

অভিযোগ রয়েছে, হামলার সময় মানিকের কাছ থেকে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, কালবেলার লোগোসংবলিত আইডি কার্ড ও একটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার পকেট থেকে নগদ ২৭ হাজার টাকা এবং তার স্ত্রীর গলার স্বর্ণালংকারও নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদার, রাশেদ তালুকদার, রিনা বেগম, রকি, সবুজ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে কাকলি বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, তিনি ছুটিতে থাকলেও বিষয়টি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী সাংবাদিক মো. মানিক বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ করেছি। এর জের ধরেই পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এলাকাবাসীর অভিযোগ, রিয়াজ মাহমুদ তালুকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না। সর্বশেষ এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এএন

Link copied!