কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬, ০৮:২৯ পিএম
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে বসছে ১৫তম আন্তর্জাতিক উইম্যান'স এসএমই এক্সপো।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। আগামী ১১ এপ্রিল বিকেল ৪টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এবারের মেলায় প্রায় ৩৫০টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য ১০০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে এবং তাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ‘উইম্যান জোন’। দেশীয় হস্তশিল্পকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মেলায় ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারাও তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করছেন। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ও পুলিশ ক্যাম্পের পাশাপাশি ফায়ার সার্ভিস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-পানির ব্যবস্থা রাখা হয়েছে।
মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ‘৭ম এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার-২০২৬’। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণ প্রাপ্তির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। এছাড়া শিশুদের বিনোদনের জন্য মেলায় আকর্ষণীয় পার্ক এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান উপস্থিত থাকার কথা রয়েছে। সিডব্লিউসিসিআই সভাপতি আবিদা মোস্তফার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে চেম্বারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং চট্টগ্রামের সাধারণ মানুষকে দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে মেলা পরিদর্শনের আহ্বান জানান।
জেএইচআর