মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মে ১১, ২০২৬, ০৮:৫২ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার সন্ধ্যায় জব্দকৃত এসব জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় অবৈধ জালের মজুত রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে গুদাম থেকে ৩০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের মতে, জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান উপস্থিত ছিলেন।
নিষিদ্ধ জাল মজুত রাখার অভিযোগে আসমা আক্তার নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুত করায় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মোহনগঞ্জ উপজেলা প্রশাসন মৎস্যসম্পদ রক্ষায় গত কয়েকদিন ধরেই তৎপর রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকার জালসহ তিনজনকে গ্রেপ্তার ও একটি ট্রাক জব্দ করা হয়।
এর পরদিন শুক্রবারও বরান্তর এলাকায় হাওর থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছিল। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এই নিয়মিত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর