গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
মে ১৩, ২০২৬, ০৩:৩৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর এলাকার মোছাঃ পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী নিয়মিত ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদ পান। এর ভিত্তিতে চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন তারা।
এ সময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী পান্না আক্তার ও জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর