ঝালকাঠি প্রতিনিধি
মে ১৯, ২০২৬, ০৪:৫৬ পিএম
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পেনগান উদ্ধার করেছে র্যাব-৮। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রাত আনুমানিক দুইটার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামের একটি বসতবাড়ির পেছনের ঢালাই গলি সড়কের পাশে মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এই বিদেশি পেনগানটি পাওয়া যায়। অভিযানের সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. কামরুজ্জামান জানান, অপরাধীদের দমনে এবং সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর