ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডুয়েট পরিস্থিতি নিয়ে জিএমপি কমিশনারের সঙ্গে ছাত্রশিবির নেতাদের সাক্ষাৎ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ২১, ২০২৬, ১১:০১ পিএম

ডুয়েট পরিস্থিতি নিয়ে জিএমপি কমিশনারের সঙ্গে ছাত্রশিবির নেতাদের সাক্ষাৎ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ঈসরায়েল হাওলাদারের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রশিবির ডুয়েট শাখার নেতারা। সাক্ষাতে আন্দোলন ঘিরে বিভিন্ন অভিযোগ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাতে ডুয়েটে চলমান ভিসিবিরোধী আন্দোলনকে ছাত্রশিবিরের আন্দোলন হিসেবে উপস্থাপন এবং সাধারণ শিক্ষার্থীদের দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারি তাসনীম আলম ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রশিবির ডুয়েট শাখার সভাপতি আব্দুল আহাদ বলেন, ডুয়েটের ভিসিবিরোধী আন্দোলন ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এ আন্দোলনের দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু প্রতিবেদনে ছাত্রশিবিরকে জড়িয়ে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের বিচার চান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা না করে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা প্রয়োজন, অন্যথায় ক্যাম্পাসে অস্থিরতা দীর্ঘায়িত হতে পারে।

সাক্ষাৎকালে জিএমপি কমিশনার ঈসরায়েল হাওলাদার বলেন, ঘটনার ক্ষেত্রে তথ্যের ঘাটতি থাকতে পারে। বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে তিনি ডুয়েটে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ডুয়েটে চলমান আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতেরন করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা চালিয়েছে। অন্যদিকে বিভিন্ন মহলে আন্দোলনের পেছনে ছাত্ররাজনীতির সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সংলাপ, নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জোরালো হয়ে উঠেছে।

জেএইচআর

Link copied!