আমার সংবাদ ডেস্ক
মে ২৭, ২০২৬, ০৩:৪৯ পিএম
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নয়নের নামে যেন আবাদি জমি অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা-এর জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে দিন দিন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষির বিষয়টি গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যতটা সম্ভব কৃষিজমি সংরক্ষণ করেই উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে উঁচু ভবন নির্মাণের দিকে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম যেন কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়েও সরকার বিবেচনা করবে।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এম জি