মিরাজ আহমেদ, মাগুরা
মে ৩০, ২০২৬, ১২:৪১ পিএম
মাগুরার মহম্মদপুর উপজেলার ২ নম্বর বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মাহামুদ হাসান ওরফে রুবেল (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ঘুল্লিয়া বাজারে ওলিয়ার রহমান মোল্যার দর্জির দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার এবং আধিপত্যকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার গ্রুপের বর্তমান কাজী কামাল সমর্থিত পক্ষের সঙ্গে সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগ সমর্থিত এবং বর্তমান বিএনপির অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী গ্রুপের বিরোধ চলে আসছিল। এর জেরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, শনিবার সকালে মাহামুদ হাসান ওরফে রুবেল ঘুল্লিয়া বাজার এলাকায় অবস্থানকালে প্রতিপক্ষের সাজিবুল ইসলাম পিকুর নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। সংঘর্ষের সময় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকায় টহল জোরদার করে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন