গোপালগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৬, ০২:৫২ পিএম
গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। আটক বৃষ্টি মন্ডল সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় বৃষ্টি মন্ডলকে তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মন্ডল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে তাঁর আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে সেগুলো গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।
আটক বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
জেএইচআর