গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
জুন ২, ২০২৬, ০৪:৪৩ পিএম
নেত্রকোণায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল আহমেদ (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ বাবনিকোনা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালে দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল আহমেদ এবং তাঁর বন্ধুদের সাথে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়াদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম মিয়া তাঁর পরিবারের লোকজন নিয়ে ফয়সালের পক্ষের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এতে ফয়সাল আহমেদ, তাঁর চাচাতো ভাই রবিন মিয়া, চাচা সাদেকুল ইসলাম ও আরেক ভাই সৌরভ মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও তাঁর চাচা সাদিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফয়সাল আহমেদ নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে এক যুবককে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
জেএইচআর