কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুন ২, ২০২৬, ০৯:৫৯ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বনগ্রাম বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা তীব্র উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, টেঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। তাঁদের চেষ্টায় সংঘর্ষ থেমে গেলেও পুরো এলাকায় এখন চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, বিস্তারিত পরে জানাবেন।
অন্যদিকে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ জানান, আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাঁরা দ্রুত উদ্ভূত সমস্যার সমাধানের চেষ্টা করছেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় এখনো সতর্কতা বজায় রয়েছে এবং স্থানীয়রা পরিস্থিতির ওপর নজর রাখছেন।
জেএইচআর