গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
জুন ৩, ২০২৬, ০১:৩০ পিএম
নাটোরের গুরুদাসপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি এবং সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার পৃথক তিনটি স্থান থেকে তিনটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার উত্তর নাড়িবাড়ী, পাটপাড়া ও নাজিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাটি ব্যবসায়ী ও ভেকু চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দকৃত তিনটি ভেকু উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এছাড়া গুরুদাসপুর থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি খনন করে মাটি বিক্রির কার্যক্রম চলছিল। এসব মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের কারণে বিভিন্ন সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে জনদুর্ভোগের পাশাপাশি সরকারি সম্পদেরও ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতভর মাটি পরিবহনের কারণে শব্দদূষণ সৃষ্টি হতো এবং ধুলাবালির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ফাহমিদা আফরোজ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। এরপর অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের কারণে এলাকার অনেক পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মিত অভিযান পরিচালিত হলে সরকারি সড়ক রক্ষা পাবে এবং ফসলি জমি ধ্বংসের প্রবণতা কমবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “ফসলি জমি রক্ষা এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি প্রতিরোধে অবৈধ মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এএন