শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
জুন ১০, ২০২৬, ০৯:০২ পিএম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মামলার নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার একটি প্রতারণা মামলার আসামিকে আটক করে থানায় প্রেরণ এবং মামলার তদন্ত কার্যক্রম শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন এসআই মইনুল ইসলাম। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে তিনি স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় উদ্ধার হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এম জি