রায়হান জামান, কিশোরগঞ্জ
জুন ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম
কিশোরগঞ্জে অটোরিকশার ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে একটি নিরীহ পরিবারের বসতবাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দানাপাটুলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে কিশোরগঞ্জ-গচিহাটা সড়কের ধুলদিয়া ব্রিজের দুই পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ, দানাপাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল মাহমুদ, সাবেক চেয়ারম্যান মরহুম ওমর সিদ্দিকের সহোদর ভাই ফেরদৌস আলম, ইউপি সদস্য আমীর হোসেন, সাবেক ইউপি মেম্বার মজিবুর রহমান, আলীমুল রমজান শামীম, গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তুফা, দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহান সানাউল্লাহ, আল আমিন, বকুল মিয়া ও মোশাররফসহ আরও অনেকে।
বক্তারা বলেন, অটোরিকশার ভাড়া নিয়ে সামান্য দ্বন্দ্বের জেরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় এসে দিনেদুপুরে একটি নিরীহ পরিবারের ওপর পরিকল্পিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হলেও প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তারা অভিযোগ করেন, হামলাকারী চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এবং প্রায় প্রতি বছরই নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তারা জানান।
উল্লেখ্য, গত ৩ জুন কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা এলাকার সুরুজ মিয়া (৫২), বাক্কার (৩৫) ও আশরাফুল ওরফে জীবন (২৫)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা ও বসতঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এম জি