আমার সংবাদ ডেস্ক
জুন ১৩, ২০২৬, ১২:১৩ এএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তসংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।
রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহতের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার তথ্য পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এম জি