আমার সংবাদ ডেস্ক
জুন ১৩, ২০২৬, ০১:৩৬ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকবান্ধব রাজনৈতিক দল হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে। তবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম করেছিলেন। সে সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ প্রকাশের সুযোগ সৃষ্টি করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর বিএনপি একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে।
স্বৈরাচারী শাসনের সময় নির্যাতনের শিকার সাংবাদিকদের স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অনেক সাংবাদিক সত্য প্রকাশ করতে গিয়ে নানা ধরনের দমন-পীড়নের মুখোমুখি হয়েছেন। কেউ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ দেশত্যাগ করেছেন, আবার কেউ আহত কিংবা নিহত হয়েছেন। তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, গত ১৭ বছরে সাংবাদিকরা গুলি ও নানা বাধা উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন। তাদের প্রচেষ্টার কারণেই দেশের মানুষ জানতে পেরেছে সাধারণ মানুষ কী ধরনের নির্যাতন ও ভোগান্তির মধ্য দিয়ে গেছে।
সাংবাদিকতাকে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সত্য তথ্য প্রকাশের পাশাপাশি কিছু ক্ষেত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্যও সংবাদ হিসেবে প্রকাশিত হচ্ছে। অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে উপস্থাপনের ঘটনাও দেখা যাচ্ছে। এসব বিষয়ে বিএনপি সরকার সচেতন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
এর আগে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে সালথা প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এম জি