ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০৩:৪৮ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় আদালতের নির্দেশে দাফনের দীর্ঘ প্রায় তিন মাস পর মনোয়ারা বেগম নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রোববার উপজেলার রামকৃষ্ণপুর, নওদাপাড়া, ক্ষেমিরদিয়ার এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম মারা গেলে স্বাভাবিক মৃত্যু মনে করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে পরবর্তীতে তাঁর মৃত্যু নিয়ে স্বজনদের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভেড়ামারা থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় ওই এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় জমান।
ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, কবর থেকে লাশ উত্তোলনের পর পরই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আসল রহস্য জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জেএইচআর