রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০৪:০২ পিএম
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মডেল মসজিদ হলরুমে এই সভা আয়োজিত হয়।
রাজস্থলী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রকটভাবে অনুভূত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যা এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড লিয়াজোঁ অফিসার থোয়াই সিং নু মারমাসহ স্থানীয় সংবাদকর্মীরা।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি, পানিবাহিত রোগের বিস্তার এবং নারী ও শিশুদের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ জোরদার করা, পাহাড় সংরক্ষণ, উন্নত পানি ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর