স্পোর্টস ডেস্ক
জুন ১৪, ২০২৬, ০৯:৫৫ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়েও হারল বাংলাদেশ। টাইগাদের বিপক্ষে এদিন ৩ বল হাতে রেখে কষ্টার্জিত জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ১৩৪ বলে ১৪৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে অজিদের জিতিয়েছেন কুপার কনোলি। তবে শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশই।
ব্যাট হাতে তিন ম্যাচে ১৫৭ রান এবং বল হাতে ২ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর দলে ফিরেই এমন অর্জনে বেশ উচ্ছ্বসিত তিনি।
ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে মোসাদ্দেক বলেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। অনেক দিন পর এখানে ফিরে এসে দলের জন্য পারফর্ম করতে পারলাম। আমার মনে হয় আমরা ১৫-২০ রান কম করেছিলাম। তারাও অনেক ভালো ব্যাট করেছে।
এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে এই সিরিজে উপহার হিসেবে রাখা চেরি গাড়ি পেয়েছেন তাওহীদ হৃদয়। এমন দামি উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় লিখেছেন, মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!
অন্যদিকে এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে বাইক পুরস্কার পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
জেএইচআর