সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)
জুন ১৭, ২০২৬, ০৪:৩২ পিএম
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার দুপুর ১২টার দিকে ঘিওর থানার গোলাপ নগর কুঠিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামের দলু বেপারীর ছেলে খোকন (৫২), তাঁর স্ত্রী মমতাজ বেগম ওরফে মম (৪৫) এবং তাঁদের ছেলে মানিক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে খোকন ও তাঁর পরিবার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ...সুপার সাদিয়া সাবরিনা চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ফোর্সসহ ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ হাতেনাতে একই পরিবারের এই তিন সদস্যকে আটক করা হয়।
তাঁদের আটকের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ স্থানীয় জনতা একপর্যায়ে তাঁদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং থানা পুলিশের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে রান্নাঘরের আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর