সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
জুন ১৭, ২০২৬, ০৮:৩৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে মেঘনা ফেরিঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতরা হলো- রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা দুজনেই এ কে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে এ কে স্কুল অ্যান্ড কলেজের সাত বন্ধু মিলে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নামে। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই কায়েস ও মেরাজ তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
নারায়ণগঞ্জ জোন-২ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, সাত বন্ধু মিলে নদীতে গোসলে নেমে দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
পরবর্তীতে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব হাসান দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর